খাবারকে ভিন্নভাবে পরিবেশনে এর স্বাদও পাল্টে যায়। আইসক্রিমের কোনে ঠান্ডা আইসক্রিম খেতেই অভ্যস্ত আমরা। কিন্তু সেই কোনে যদি গরম পিৎজা পাওয়া যায়, চমৎকার হবে খাবারটা। এভাবেই চমকে দিতে পারেন প্রিয় সন্তানকে। বাচ্চারা প্রতিনিয়ত নতুন নতুন খাবার দেখলেই কৌতুহলী হয়ে উঠে। সেই খাবার খাওয়ার বায়না ধরে। ঘরেই নতুন খাবার তৈরি করে দিন। দেখুন কতটা খুশি হয় তারা।
স্বাদের দুনিয়ার খাদ্যরসিকদের জন্য় থাকছে পিৎজা কোন বা কনেটো পিৎজায় সহজ রেসিপি। কীভাবে সহজেই এটি বানানো যাবে তা জানাব এই আয়োজনে_
পিৎজার ডো বানাতে যা যা লাগবে_
- ময়দা- ২কাপ
- ইস্ট- ১টেবিল চামচ
- চিনি- ১/২চা চামচ
- কুসুম গরম দুধ- ১/২কাপ।
- তেল- ১টেবিল চামচ।
- লবণ- (স্বাদমতো) কুসুম গরম পানি- (পরিমাণ মতো)।
ফিলিং-এর জন্য যা যা লাগবে_
- পিৎজ সস -(পরিমান মতো)
- সিদ্ধ চিকেন- ১/২কাপ (মুরগির বুকের মাংস আদা+রসুন বাটা+ধনিয়া+জিরা গুঁড়া+লবণ দিয়ে সিদ্ধ করা)
- লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম- কুঁচি করা।
- চিজ- ১/২ কাপ গ্রেড করা
- গলানো মাখন
- ওরিগানো।
যেভাবে বানাবেন_
প্রথমে পিৎজা সস বানিয়ে নিন। একটি ননস্টিক প্যানে ১টেবিল চামচ তেল দিন। হালকা গরম হলে ১ টেবিল চামচ রসুন কুচি ভেজে নিন। মাঝারি সাইজের একটি টমাটো কুঁচি, ১টেবিল চামচ পেঁয়াজ কুঁচি দিয়ে ঢেকে রান্না করুন। লবণ, ১/২চা চামচ চিনি, ১/২চা চামচ লেবুর রস, ১/২চা চামচ চিলি ফ্লেক্স অথবা মরিচের গুঁড়া, ১টেবিল চামচ ওরিগানো, ১টেবিল টেবিল টমাটো কেচাপ মিশিয়ে নিন। ৩-৪ মিনিট অল্প আঁচে রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন।
এবার পিৎজার ডো তৈরি করুন। ১/২কাপ কুসুম গরম দুধে ইস্ট ও চিনি দিয়েু নেড়ে ঢেকে রাখুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর একটি পাত্রে ময়দা, তেল একসঙ্গে মেখে নিন। এবার ইস্ট গোলানো গরম দুধ দিয়ে ভালো করে মথে নিন। প্রয়োজন হলে সামান্য কুসুম গরম পানি একটু একটু করে দিন। ডো ভালোভাবে মথে নিতে হবে। পিৎজার ডো রুটির ডো এর মতো সফ্ট হবে।
এবার ডো এর উপর সামান্য তেল মেখে নিয়ে পাত্রটি ঢেকে রাখুন। গরম কোনো জায়গায় রাখুন। ২-৩ ঘণ্টা অপেক্ষা করুন। ফুলে ওঠা পর্যন্ত।
৩ ঘণ্টা পর ডো ভালোভাবে ফুলে উঠলে পাত্র থেকে নামিয়ে আবার ভালোভাবে মথে নিন। ডো এর ভিতরের গ্যাস চেপে বের করে দিন।
এবার বড় সাইজের ১টি অথবা দুটি রুটি বেলে নিস। প্রথমে রুটিতে ভালোভাবে পিৎজা সস মাখিয়ে নিন। পিৎজা কাটার দিয়ে রুটিটি ৮ অথবা ৬টুকরা করুন। ত্রি কোনের মতো করে কেটে নিন। এটি হালকা বেক করুন।
সোনালি রঙের কোনটি তৈরি করুন। বাজার থেকে কিনেও কোনটি ব্যবহার করতে পারেন। কোনের ভেতরে সস ঢেলে দিনু। সসের উপরে পড়ে নোনতা চিজের প্রলেপ। এবার চিকেন, ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিন। এভাবেই কোনটি একাধিক স্তরে সাজিয়ে নিন।
বেকিং ট্রেতে সবগুলো পিৎজার উপরে বাটার ব্রাশ করে নিন। কিছু ড্রাই ওরিগানো ছিটিয়ে দিন। আগে থেকে গরম করে রাখা ওভেনের ৩৭৫ডিগ্রি ফারেনহাইট অথবা ১৯০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিৎজা ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। তৈরি হয়ে গেল পিৎজা কোন।
যা খেয়াল রাখবেন_
- ইস্ট কুসুম কুসুম গরম পানিতেও দিতে পারেন। ইস্টের সঙ্গে অবশ্যই চিনি দিতে হবে।
- ফিলিংয়ের জন্য পছন্দ মতো যেকোনো কিছু নিতে পারেন।








































