আপনার সন্তানকে স্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছেন। কিন্তু মাঝেমধ্যে টুকিটাকি মজাদার কিছু কিনে না দিলে সন্তানকে সামলানো কষ্ট হয়ে যায়। বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে ক্যান্ডি। বিশেষ করে জেলি ক্যান্ডি পেলে তো বাচ্চাদের চোখ ছানাভরা। সুপারমলে গেলে টুকিটাকি কেনায় ব্যস্ত থাকেন আপনি। কিন্তু আপনার বাচ্চার চোখ থাকে বাহারি রঙের জেলি ক্যান্ডিতে। অবশেষে বেশ চড়া দামেই কিনে দিতে হচ্ছে বাচ্চাকে। এটি কতটা স্বাস্থ্যকর ভেবে দেখেছেন?
বাজারে পাওয়া জেলি ক্যান্ডিগুলো না কিনে নিজেই ঘরে তৈরি করে নিন। বাচ্চার পছন্দের রং ও আকার দিয়ে জেলি ক্যান্ডি বানিয়ে নিতে পারেন আপনিও। যা হবে স্বাস্থ্যকর। আবার বাচ্চাদের বায়নাও মিটবে।

জেলি ক্যান্ডি বানাতে যা যা লাগবে
- চিনি-দুই কাপ
- পানি-দেড় কাপ-
- জেলেটিন তিন টেবিল চামচ
- স্ট্রবেরি ও লেমন এসেন্স
- লাল ও সবুজ ফুড কালার।

জেলি ক্যান্ডি বানাবেন যেভাবে
প্রথমে আধা কাপ ঠাণ্ডা পানি নিন। পানিতে তিন টেবিল চামচ জেলেটিন ভিজিয়ে রাখুন।
এবার চুলায় একটি ননস্টিক প্যান চড়ান। এতে এক কাপ পানি ও দুই কাপ চিনি দিয়ে দিন। চিনি গলে ফুটে উঠলে ভিজিয়ে রাখা জেলেটিন এতে দিয়ে দিন। চুলায় মাঝারি আঁচে ১৫ মিনিট নাড়ুন।
এদিকে দুটি আলাদা পাত্র নিন। একটিতে স্ট্রবরী এসেন্স ও লাল রঙ মেশান। অন্য পাত্রে লেমন এসেন্সের সঙ্গে সবুজ রঙ মিশিয়ে নিন।
এবার চুলায় বানিয়ে রাখা চিনির সিরাপ নামিয়ে নিন। সিরাপটি অর্ধেক করে দুই পাত্রে ঢালুন। দ্রুত নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার পছন্দের আকার দেওয়ার পালা। সিরাপ ঠাণ্ডা হওয়ার আগেই পছন্দমতো ছাঁচে ঢেলে নিন। এরপর ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন। ৪ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে জেলি ক্যান্ডিগুলো চিনির উপর গড়িয়ে নিন। তৈরি হয়ে যাবে জেলি ক্যান্ডি। কাঁচের পাত্রে ভরে ফ্রিজে রাখুন। কয়েকদিন পর্যন্ত খেতে পারবে।







































