ভারতের মহারাষ্ট্রে আমেদনগরের জেলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস জানায়, হাসপাতালটির আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
আমেদনগরের জেলাপ্রশাসক রাজেন্দ্র ভোঁসল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বেলা ১১ টার দিকে আগুন লাগে। এসময় হাসপাতালে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকলবাহিনী ধারণা করছে, বিদুতের শর্ট সার্কিট থেকেই হাসপাতালে আগুন লাগে।
আগুনের ঘটনায় তদন্তের দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফরনবিস। টুইটারে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি।
ফরনবিস বলেন, “অগ্নিদগ্ধদের দ্রুত আরোগ্য কামনা করছি। তবে এ ঘটনায় বিস্তারিত তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
মহারাষ্ট্রের হাসপাতালে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। গত এপ্রিলে মুম্বইয়ের পালঘরের বীরারের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়।
এছাড়াও বছরের শুরুতেই মহারাষ্ট্রের ভান্ডারা জেলা হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু হয়।



























