‘ভোম্বল সর্দারে’র পরিচালক ন্যাপাদা আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৫:৩০ পিএম
‘ভোম্বল সর্দারে’র পরিচালক ন্যাপাদা আর নেই

ভারতের বর্ষীয়ান বাঙালি চলচ্চিত্র পরিচালক নৃপেন গঙ্গোপাধ্যায় আর নেই। শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বার্ধ্যক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম।কিছুদিন আগেই ম্যালেরিয়ায় আক্রান্ত হন তিনি। তাছাড়া ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

আজ রোববার ভোরে ক্যাওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। টলিপাড়ায় তিনি ন্যাপাদা নামেই পরিচিত।

সত্যজিৎ রায়ের পর বার্লিনজয়ী দ্বিতীয় বাঙালি ছিলেন নৃপেন গঙ্গোপাধ্যায়। ‘ভোম্বল সর্দার’ ছবির জন্য ছোটদের ছবির বিভাগে পান জাতীয় পুরস্কার। ১৯৮৪ সালে জাতীয় পুরস্কার পাওয়ার কয়েক মাসের মধ্যেই বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় তাঁর ছবি। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’র পর দ্বিতীয় বাংলা ছবি হিসাবে বার্লিন পাড়ি দিয়েছিল নৃপেন গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভোম্বল সর্দার।’

পরিচালক মৃণাল সেনের উপর একটি তথ্যচিত্রও তৈরি করেন তিনি। এছাড়াও বহু তথ্যচিত্র তৈরি করেছিলেন পরিচালক। ১৯৫৬ সালে হীরেন বসু পরিচালিত ছবি 'একতারা'তে প্রথম সহকারী পরিচালক হিসাবে হাতেখড়ি নৃপেন গঙ্গোপাধ্যায়ের। তারপর ‘রাজধানী থেকে পালিয়ে’, ‘পার্সোনাল এ্যাসিস্টেন্ট’ ‘অভিযানে’র মতো ছবির দায়িত্বে ছিলেন তিনি।

সিনেমার পাশাপাশি কাজ করেছেন ‘মনে রেখো মোর গান’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও। পরিচালনা করেছেন ‘নয়নছাতি’, ‘মেজদিদি’, ‘অন্তর্জলি’-র মতো টেলিফিল্ম।

নৃপেন গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯২৭ সালের ১৫ আগস্ট পূর্ববঙ্গের ফরিদপুরে। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তিনি চলে যান কলকাতায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে স্নাতক করেন। সেসময় বামপন্থী রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!