আফ্রিকার দেশ লাইবেরিয়ার ১৮ বছর বয়সী কিশোর ইমানুয়েল টুলো। মোটরসাইকেল ট্যাক্সি চালিয়ে বা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করেন তিনি।
তবে শত দারিদ্রের মাঝে নিজের সততাকে বিসর্জন দেননি এই তরুণ। সেই স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘সততার দূত’ পুরস্কার ।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ১০ অক্টোবর সড়কে মোটরসাইকেল চালানোর সময় ৫০ হাজার ডলারভর্তি ব্যাগ কুঁড়িয়ে পান তিনি। এর কিছুদিন পর রেডিওতে জানতে পারেন ব্যাগের মালিক এক নারী ব্যবসায়ী। খবরের সূত্র ধরেই সেই ব্যবসায়ীকে তার টাকা পৌঁছে দেন টুলে।
এই মহৎ কাজের জন্য টুলোকে পুরস্কৃত করেছেন প্রেসিডেন্ট জর্জ ওয়েহ। সরকারের পক্ষ থেকে ১০ হাজার ডলারের সঙ্গে ‘সততার দূত’ স্বীকৃতি আর দুইটি মোটরসাইকেল পেয়েছেন তিনি।
টুলে বলেন, “টাকা ফিরিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাকে বোকা বলতে শুরু করে। তারা বলেছিল, আমি জীবনে কখনো ধনী হতে পারব না। তবে আমার বাবা-মা আমাকে চুরি শেখাননি। সেকারণেই টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই আমি।”
টুলের এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে লাইবেরিয়ায়। স্নাতকোত্তর পড়ুয়া এই ছাত্রকে মাসিক ৫০০ ডলার বৃত্তিও দিচ্ছেন প্রেসিডেন্ট জর্জ ওয়েহ।
এছাড়াও টাকা ফেরত পাওয়া নারীও তাকে দেড় হাজার ডলার মূল্যমানের পুরস্কার আর নগদ অর্থ দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ঘটনা।







































