• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

আসামিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৬:১৮ পিএম
আসামিকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশের মৃত্যু

“জিজ্ঞাসাবাদের সময় আসামির মৃত্যু” এমন শিরোনাম দেখে আমরা সবাই অভ্যস্ত। তবে এর ঠিক উল্টো ঘটনা ঘটেছে ভারতে।

ভারতের পশ্চিমবঙ্গে এক সন্দেহভাজন শিশু অপহরণকারীকে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন এক পুলিশ অফিসার। হিন্দুস্তান টাইমস জানায়, কলকাতার উল্টোডাঙা থানায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিন বছর বয়সের একটি শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঐ থানায় অপহরণের মামলা দায়ের করা হয়। তদন্তকর্তা ছিলেন সাব ইনস্পেক্টর আফতাব মেহতাব। মঙ্গলবার তিনি অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে আনেন। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।

তবে অভিযুক্তকে জেরা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন এই পুলিশ কর্মকর্তা। বুধবার (১৩ অক্টোবর) সকালে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তকে জেরা করার এক পর্যায়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ায় এই ঘটনা ঘটে।

জিজ্ঞাসাবাদ করার সময় আফতাব অস্বাভাবিকভাবে ঘামছিলেন বলে জানান তার সহকর্মীরা। তবে তারা ভেবেছিলেন পরিশ্রমের কারণেই ঘামছেন তিনি। 

তবে কিছুক্ষণের মধ্যেই অসুস্থবোধ করেন পুলিশ অফিসার আফতাব। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন পুলিশ অফিসার। সকালে তার মৃত্যুর খবর জানান চিকিৎসকরা।

সহকর্মীদের দাবি, সাব ইনস্পেক্টর আফতাব অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। এক কন্যাশিশুর জনক তিনি। আর তাই শিশু নিখোঁজের মামলা নিয়ে উদগ্রীব ছিলেন আফতাব।

তদন্তে নেমে অভিযুক্তকে আটক করলেও তার কাছ থেকে কোন তথ্য আদায় করতে পারছিলেন না। কর্তব্যরত পুলিশ অফিসারের মৃত্যুতে শোকের ছায়া নামিয়ে এনেছে পরিবারে ও পুলিশ মহলে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!