ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় আছেন—এ নিয়ে গুজব চলার মধ্যে তাঁর নতুন একটি ভিডিও নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী দাবি করছেন, নেতানিয়াহুর কফি পানের ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
নেতানিয়াহু মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন চলছিল। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর নতুন একটি ভিডিও প্রকাশ হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে নেতানিয়াহুকে একটি ছোট দোকানে কফি অর্ডার করতে দেখা যাচ্ছে।
তবে ভিডিওটি প্রকাশের পর নতুন করে প্রশ্ন উঠেছে। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এক্সের এআই চ্যাটবট গ্রোক ওই কফি শপের ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অ্যাকাউন্ট থেকে গত রোববার একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজবকে উপহাস করেন। ভিডিওটিতে তাঁকে ইসরায়েলের জেরুজালেম হিলস এলাকায় অবস্থিত দ্য সাতাফ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।
বিক্রেতা যখন কফি দিচ্ছিলেন, তখন ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘দারুণ, ধন্যবাদ’।
এরপর ভিডিও ধারণকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, ‘আপনি আমাকে কী জিজ্ঞেস করেছিলেন?’
নেতানিয়াহুকে বলা হয়, সংবাদমাধ্যমের খবরে তাঁর মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে। তখন নেতানিয়াহু মজা করে বলেন, ‘আমি কফির জন্য মরছি।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আপনি জানেন, আমি আমার জনগণের জন্য উন্মাদ (হিব্রু ভাষায় ‘ডাইয়িং শব্দের অর্থ এমনটাই)। তারা দারুণ আচরণ করছে। যদি আঙুল গুনতে চান—এখানে দেখতে পারেন (বাঁ হাত তুলে দেখান) এবং এখানে (ডান হাত তুলে দেখান)। আপনি দেখেছেন।’
নেতানিয়াহু মারা গেছেন বা তাঁর হাতে ছয় আঙুল দেখা গেছে বলে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সেগুলোকে বিদ্রূপ করে নতুন ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে এআই চ্যাটবট গ্রোক এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও বলে উল্লেখ করেছে।
চ্যাটবটটি বলেছে, ‘এটি এআই দিয়ে তৈরি। এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডিপফেক ভিডিও। এতে দেখা গেছে, তিনি কফি শপে বসে ইরান–লেবাননের অভিযান এবং সুরক্ষিত এলাকাগুলো নিয়ে আলাপ করছেন। অথচ বাস্তবে কোনো ঘটনা এ রকম নেই। মূল পোস্টে স্পষ্টভাবে এটিকে অত্যাধুনিক অপ্রকাশিত এআই হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন ব্যবহারকারী ভিডিওর ক্লোজ-আপ শট শেয়ার করে লিখেছেন, ‘জাদুকরি পকেট...কাপের কফি মাধ্যাকর্ষণ শক্তিকে অগ্রাহ্য করছে...কাউন্টারের পেছনে মুখোশধারী গ্রাহক। ভালো চেষ্টা...নোতেনিয়াহু।’
আরেক এক্স ব্যবহারকারী এটিকে এআই ভিডিও দাবি করে লিখেছেন, ‘এই এআই ভিডিওতে দেখা যাচ্ছে, কফির দিকে তাকানোর পর নেতানিয়াহুর মুখের আকার কীভাবে পাল্টে গেল। প্রথমে এটি গোলাকার ছিল, তারপর তা ডিম্বাকৃতি হয়ে যায়।’
গ্রোকও এই দাবিকে সমর্থন করেছে। আরেক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে চ্যাটবট লিখেছে, ‘হ্যাঁ, শতভাগ নিশ্চিত। এটি একটি উন্নত এআই ডিপফেক। নেতানিয়াহু একটি পাবলিক ক্যাফেতে বসে ইরান–লেবাননসংক্রান্ত গোপন অভিযান নিয়ে আলাপ করছেন এবং কফি পান করছেন? এ ধরনের কোনো ঘটনা আসলে ঘটেনি। এমনকি কোথাও প্রতিবেদনও করা হয়নি। মূল পোস্ট এটিকে অপ্রকাশিত এআই টেক হিসেবে শনাক্ত করেছে। এটি বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু দৃশ্যটি সম্পূর্ণ কাল্পনিক।’

































