জাতিসংঘের পর এবার আফগানিস্তানকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিল উন্নত দেশগুলোর জোট জি২০। চরম অর্থনৈতিক সংকট থেকে আফগানদের উদ্ধারের কথা দিয়েছেন জোটভুক্ত দেশের নেতারা।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে আফগানিস্তান ইস্যুতে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ অন্যান্য দেশের নেতারা।
সম্প্রতি তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর জানান, আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আফগানিস্তানে সহায়তা পাঠানো হবে। তবে সরাসরি তালেবানের হাতে এসব অর্থ পৌঁছবে না।বর্তমানে জরুরি অর্থ সহায়তা থেকে জরুরি খাদ্য ও ওষুধের জন্য দেয়া হচ্ছে। তবে বৈঠকে আফগানিস্তানকে চরম বিশৃঙ্খলা থেকে বের করে আনারও প্রত্যয় ব্যক্ত করেন সবাই।
আফগানিস্তান এবং প্রতিবেশী যেসব দেশ শরণার্থীদের গ্রহণ করছে তাদের জন্য একশো বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন।
আর আফগানিস্তানের জন্য ৬০০ মিলিয়ন ইউরো সহায়তা দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মের্কেল।
এর আগে সেপ্টেম্বরে আফগান অর্থনীতি রক্ষায় শত কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল জাতিসংঘের দাতা দেশগুলো।
























