সৌদি আরবের জিজান শহরে কিং আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) এ হামলা হয়। আহত ১০ জনের মধ্যে ৩ বাংলাদেশি ছাড়াও ৬ সৌদি ও সুদানের ১ নাগরিক রয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র জানান, এই হামলায় বিমানবন্দরের সম্মুখভাগের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।
ভোরের দিকে আরও একটি ড্রোন হামলা ঠেকানো হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। তবে এ ঘটনায় আঘাত বা ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেওয়া হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, কিং আব্দুল্লাহ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে প্রতিবেশী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি। গোষ্ঠীটি উপসাগরীয় দেশটিকে লক্ষ্য করে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। ওই বছর মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।


































