পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।
রয়টার্স জানায়, নিহতদের মধ্যে এক নারী ও ৬ শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পর স্থানীয়রা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু স্থাপনা বাড়িঘরের ছাদ, দেয়াল ভেঙে পড়েছে। হতাহতের ঘটনাও ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে অন্তত ১৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর টর্চ হাতে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করছিলেন।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলায়। এই এলাকাটি খনি এলাকা হিসেবে পরিচিত।
বালুচিস্তানের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রধান নাসির নাসার জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বালুচিস্তানের হার্নাই পর্বতের প্রত্যন্ত এলাকা। সেখানে পাকা রাস্তা, বিদ্যুৎ ও মোবাইল কভারেজের ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে আরও সমস্যা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে ভোরবেলা পর্যন্ত আলো ছাড়াই কাজ করেছেন স্বাস্থ্যকর্মীরা।
সিনিয়র স্বাস্থ্যকর্মী বলেন, “বেশির ভাগ আহতরাই আসছিলেন ভাঙা হাড় নিয়ে। বহু মানুষকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছেন।”
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।

































