নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কুয়েরোজার দেহে করোনা শনাক্ত হয়েছে। সম্মেলনে যোগ দিতে দেশটির প্রধানমন্ত্রী জেইর বলসোনারোর সঙ্গে যুক্তরাষ্ট্র সফর করছিলেন তিনি।
রয়াটার্স জানায়, সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরই তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সুস্থ না হওয়া পর্যন্ত নিউইয়র্কেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
আনুষ্ঠানিক বিবৃতিতে জাতিসংঘ জানায়, স্বাস্থ্যমন্ত্রী কুয়েরোজা ভালো করছেন। পরীক্ষায় তার সঙ্গে থাকা অন্যান্য দেশের প্রতিনিধিদের দেহে করোনা ধরা পড়েনি।
এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে কুয়েরোজা জানান জাতিসংঘ ভবনে থাকাকালীন পুরো সময় তিনি মাস্ক পড়ে ছিলেন।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী সম্মেলনে যোগ দিতে হলে সবাইকে করোনার টিকা দিতে হবে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো টিকা না নিয়েই অধিবেশনে যোগ দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর আগে নিউইয়র্কে ব্রাজিলের প্রতিনিধি দলের আরেক কূটনীতিকের দেহে করোনা ধরা পড়ে। বলসোনারোর সঙ্গে অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও কোভিড পজিটিভ হওয়ার আইসোলেশনে আছেন তিনিও।
করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটির ৫ লাখ ৯১ হাজার ৪৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
































