গত ২৪ ঘণ্টায় ১০০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। ৪৬ বছরের রেকর্ড ভেঙেছে এই বৃষ্টিপাত। আবহাওয়া বিপর্যয়ের কারণে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবে গেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। সামাজিক মাধ্যমের ছবিতেও বিমানবন্দরে জমে থাকা পানিতে বেশ কয়েকটি বিমান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিরূপ আবহাওয়ার কারণে দিল্লগামী অন্তত চারটি ফ্লাইট আহমেদাবাদে অবতরণ করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিল্লিতে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাতে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে রাজধানী দিল্লির সড়কগুলোতে পানি জমে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিমান ওঠা-নামায় ব্যাঘাত ঘটতে পারে বলে টুইট করে জানিয়েছে এয়ারলাইনসগুলো।
রোববারও দিল্লি ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববারও রাজধানীজুড়ে জরুরি সতর্কতা জারি থাকবে।
































