যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া একটি ‘উন্নত’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি কাজাখস্তানের একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।
বুধবার (১২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। ওই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র মজুত সীমিত করতে সম্মত হয়েছিল। যদিও এ ক্ষেপণাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষেপণাস্ত্রটিতে শক্তিশালী ‘টপল-এমই’ সিস্টেম ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার তাদের কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ডভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটির ধরন নির্দিষ্ট করেনি। তবে তারা বলেছে, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল যুদ্ধ সরঞ্জাম পরীক্ষা করা।
বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে।
গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।
গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পরমাণু মজুত সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল এবং তিন সপ্তাহের কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী এবং মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটো নিন্দা করেছে।




































