বরাবরের মতোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫১তম বিজয় উদযাপনের লক্ষ্যে বিজয় উৎসব পালন করবে কলকাতা। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এই আয়োজনে অংশ নেবেন ৬০ জন মুক্তিযোদ্ধাও।
ভারতের সংবাদমাধ্যম এএনআই জানায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে বিজয় উৎসবের কর্মসূচি তুলে ধরেন পূর্বাঞ্চলীয় কমান্ডের মেজর জেনারেল ডি এস কুশওয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪-১৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এই উৎসব।
এবারের আয়োজনে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৬০ জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। যোগ দেবেন ছয়জন উচ্চপদস্থ সেনা ও প্রশাসনিক কর্মকর্তাও। শ্রদ্ধা জানানো হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি।
১৫ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীরদের সংবর্ধনা দেওয়া হবে। ১৬ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামের শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণ ও কুচকাওয়াজের মাধ্যমে একাত্তরের বীরদের স্মরণ করা হবে। সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজন করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলো ও ধ্বনির বিশেষ প্রদর্শনী।
উৎসবের কর্মসূচি ঘোষণা উপলক্ষে ফোর্ট উইলিয়ামে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশে-ভারত বন্ধুত্বকে তুলে ধরা হয়। দেখানো হয় মুক্তিযুদ্ধের আগের ও পরের স্মৃতি ধরে রাখা নানা ছবি।

























