আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণে নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০৯:৩৪ পিএম
আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণে নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত মাজার-ই-শরিফে রাস্তার পাশে বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আল-জাজিরা জানায়, সকালের দিকে মাজার-ই-শরিফে রাস্তার পাশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত্র হয় পেট্রোলিয়াম কোম্পানির কর্মীবাহী একটি বাস। এতে বাসের ৭ জন যাত্রী নিহত হন।

মাজার-ই-শরিফের বাল্খ পুলিশ ডিপার্টমেন্টের আসিফ ওয়াজিরি জানান, রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল বোমা। বাসটি রাস্তা অতিক্রম করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

তবে এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি রাজধানী কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার (২ ডিসেম্বর) ওই হামলায় এক নিরাপত্তারক্ষী আহত হন।

এর আগে গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়। তার আগে গত মে মাসে, মাজার-ই-শরিফে পরপর বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। রাজধানী কাবুলের একটি মসজিদে একযোগে হামলায় আরও দুজন মারা যান। তালেবান ক্ষমতা গ্রহণের পর হওয়া বেশিরভাগ হামলার জন্য দায়ী আইএস। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!