মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন চার ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১৯ জন।
আল-জাজিরা জানায়, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে বিপুলসংখ্যক সেনা নিয়ে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। সেখানে তারা ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের প্রতিরোধের সম্মুখীন হয়। দুই পক্ষের সংঘর্ষে হতাহত হন ফিলিস্তিনিরা।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হতাহতের মধ্য একজন নিরস্ত্র ছিলেন। রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরও একজন মৃত্যুর কথা জানিয়েছেন তারা।
এর আগে ৮ অক্টোবর এমন এক অভিযানে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় দুই কিশোর। কেবল সন্দেহের ভিত্তিতেই তাদের গুলি করে হত্যা করা হয়।
পশ্চিম তীরের জেনিন ও নাবলুস এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি বাহিনী গড়ে ওঠায় প্রায় প্রতিদিনই সেখানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ বছর এখন পর্যন্ত ১৫৪ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সম্প্রতি এমন একটি অভিযানে হত্যা করা হয় সাত বছর বয়সী রায়ান সুলেইমানকে।
এ বছর ফিলিস্তিনিদের আক্রমণে মৃত্যু হয়েছে ২০ জনের।



































