সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০১:৩৫ পিএম
সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ২০

সোমালিয়ার মধ্যাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার খাদ্য সহায়তা বোঝাই একটি ট্রাকে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেয় জঙ্গিরা।

আধা-স্বায়ত্তশাসিত রাজ্য হিরশাবেলের হিরান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বাসিন্দারা জানিয়েছেন, ট্রাকগুলি বালাডওয়েন শহর থেকে মহাস শহরে খাদ্য সরবরাহ নিয়ে যাচ্ছিল।

স্থানীয় বাসিন্দা আবদুলাহি হারেদ সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “গত রাতে সন্ত্রাসীরা নিরীহ বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা করেছে। নিহতের সঠিক সংখ্যা আমাদের জানা নেই। আমরা ১৯ জনের মৃতদেহ সংগ্রহ করেছি।”

হিরান অঞ্চলের গভর্নর আলি জেইতে বলেন, “মহিলা ও শিশুসহ মৃতদেহগুলো এখনো সংগ্রহ করা হচ্ছে। তাদের সংখ্যা ২০ জনের বেশি হতে পারে।”

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোন্না জানিয়েছে, আল-শাবাব জঙ্গিরা খাবারের ট্রাকগুলোতে আগুন দিয়েছে এবং গাড়িতে থাকা বেশিরভাগ লোককে হত্যা করেছে।

এক বিবৃতিতে আল-শাবাব এর দায় স্বীকার করেছে। তার বলেছে স্থানীয় উপজাতি যোদ্ধারা তাদের বিরুদ্ধে সরকারী বাহিনীকে সাহায্য করায় তারা প্রতিশোধ নিয়েছে।

আল-কায়েদা-সংশ্লিষ্ট এই জঙ্গিগোষ্ঠীটি এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। প্রায়শই সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা, বন্দুক হামলা ও আক্রমণ চালায় তারা।

Link copied!