৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি হয়েছে ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতিতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাতে দেশটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শনিবার (১৪ আগস্ট) সকালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেটিট ট্রু দে নিপ্পস শহর থেকে ৮ কিলোমিটার দূরে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
২০১০ সালের জানুয়ারিতে হাইতির রাজধানীর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩ লাখ মানুষ মারা যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা। গৃহহীন হন কয়েক হাজার মানুষ।
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটিতে জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনেল মোয়িসকে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর থেকেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে হাইতির জনগণ।








































