মোদির বিরুদ্ধে জোট গড়ছেন মমতা-কেজরিওয়াল?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৪:২১ পিএম
মোদির বিরুদ্ধে জোট গড়ছেন মমতা-কেজরিওয়াল?

কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বনিবনা না হওয়ায় বিজেপিবিরোধী জোট গঠন যখন অনিশ্চয়তায়, তখন আশার কথা শোনাল দিল্লির দল আম আদমি পার্টি (আপ)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গঠনের আগ্রহ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, রোববার (১২ ডিসেম্বর) কেজরিওয়ালের আহ্বানে মমতার সঙ্গে দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন গোয়া নির্বাচনে আপের সঙ্গে তৃণমূলের জোট হলে বিজেপি কোণঠাসা হয়ে পড়বে বলে আশঙ্কা রাজনীতি বিশ্লেষকদের।

যদিও এক দফা আলোচনা হলেও, এখনো এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দুই দল। তবে এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে বিজেপির চেয়ে এগিয়ে আছে আপ। তাই তৃণমূলের সঙ্গে আপের জোট হলে নিঃসন্দেহেই চাপের মুখে পড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।

এছাড়া গোয়ায় বিজেপির আরেক শরিক দল মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টিও তৃণমূলের সঙ্গে জোট করার ঘোষণা দিয়েছে। তাই মমতা-অভিষেকের দিল্লি সফর ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছে—এমনটাই আশা করছেন সবাই।

Link copied!