৮৪ বছর বয়সী ব্রায়ান উইন্সলোকে দেখে হয়তো অনেকের নিজের দাদার কথা মনে পড়বে। তবে তার গল্পটা হার মানাবে ১৮ বছরের তরুণদেরও।
যুক্তরাজ্যের ডার্বিশায়ারের বাসিন্দা ব্রায়ান একজন পেশাদার ভারোত্তোলক। সপ্তাহে ছয়বার জিমে যান তিনি। এই বয়সে কেবল শরীরের ফিটনেসি ধরে রাখেননি, অংশ নিচ্ছেন পুরুষদের বিভিন্ন আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতাতে।
সম্প্রতি বিবিসির এক সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে কথা বলেন তিনি। ব্রায়ান জানান, “ছোটবেলা থেকেই ভার উত্তোলনের প্রতি আকর্ষণ ছিল আমার। আমি বিশ্বাস করি, নিজের পছন্দের কাজ করার জন্য বয়স কোনো বাধা হতে পারে না।”
নিজের বয়সের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি অন্যসব দাদুভাইদের মত নই। নিজেকে পরীক্ষা করতে ও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আমি। দিনের শেষে আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। অন্য কেউ না।”
ইতিমধ্যেই ভারোত্তোলনের বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ব্রায়ান উইন্সলো। বয়স ৮৪ হলেও ৮৫ কেজি ভার উত্তোলনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিয়মিত। সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ভার উত্তোলন করতে পারেন তিনি।
























