পাকিস্তানের কাছে পরাজয়ে পয়েন্ট হারিয়ে টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ভারত। যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকেও।
এদিকে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকাতে আবারও দেখা হয়ে গেল দুই প্রতিবেশীর। তবে এই তালিকায় পাকিস্তানের একটি মাত্র শহর থাকলেও, তিন শহরের অন্তর্ভুক্তিসহ শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।
টানা কয়েক বছর ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা যায়, বাতাসে দূষণের মাত্রা অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দিল্লিতেই সর্বোচ্চ।
হিন্দুস্তান টাইমস জানায়, জাতিসংঘের আওতাধীন সুইজারল্যান্ডের জলবায়ু বিষয়ক সংস্থা ‘আইকিউ এয়ার’ এই পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় একিউআই সূচকে দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ৫৫৬।
গড়ে ৩৫৪ মাত্রার বায়ুদূষণের কারণে পাকিস্তানের লাহোর রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে বুলগেরিয়ার শহর সোফিয়া। সেখানে বায়ুদূষণের মাত্রা ১৭৮।
এই তালিকায় ভারত কলকাতা চতুর্থ আর মুম্বাই রয়েছে ষষ্ঠ অবস্থানে। পঞ্চম অবস্থানে আছে ক্রোয়েশিয়ার শহর জাগ্রেভ।
এছাড়াও সার্বিয়ার বেলগ্রেড, চীনের চেংদু, নর্থ ম্যাসেডোনিয়ার স্কোপিয়ে আর পোল্যান্ডের ক্র্যাকো রয়েছে শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায়।



























