প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানে ২০ জন নিখোঁজ ও অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। সিএনএন জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের সমুদ্র তীরবর্তী শহর আতামির একাংশ কাদামাটিতে তলিয়ে গেছে।
সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিওতে পাহাড়ের তলদেশের এলাকাগুলোর ঘরবাড়ি ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে শিজুওকা প্রদেশের আতামির এ অঞ্চলের মুষলধারে বৃষ্টি শুরু হয়। শিজুওকা, কানাগাওয়া ও চিবা প্রদেশে ৪৮ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টিপাত অব্যহত আছে।
পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাছে সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগ আক্রান্ত এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গত বছরের জুলাই মাসেও জাপানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বন্যা-ভূমিধসে ৫০ জন নিহত হয়।



































