ঈদে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। ২৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রদর্শনী হবে।
আগামীকাল শুক্রবার, ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ও পরের দিন বিকেল ৫টায় প্রসপেক্টে এবং ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় ‘দম’ দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
তিনি বলেন, ‘শুরু থেকেই দম ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। গত চার দিনে যে দর্শকের সাড়া পাচ্ছি, তাতে আমি একটা নেগেটিভ রিভিউ দেখিনি। ক্রমেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। এমন সময় আন্তর্জাতিক বাজারে ঈদের প্রথম সিনেমা হিসেবে দম মুক্তি পাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের খবর।’
রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।



































