সময়টা ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের। বিশ্ব বিনোদন এখন ঝুঁকছে এটার দিকে। তবে বিনোদনের এই নতুন মাধ্যমকে ‘আবর্জনা ফেলার জায়গা’ বলে মন্তব্য করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। যদিও ‘সেক্রেড গেমস’ থেকে শুরু করে ‘সিরিয়াস ম্যান’, ‘রাত আকেলি হ্যায়’-এর মতো সুপারহিট ওয়েব সিরিজে তাকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক।
নওয়াজ বলেন, “আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলি। ইদানীং এমন সব ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিক্যুয়েল তো একেবারেই অপ্রয়োজনীয়।”
ওটিটি প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে প্রযোজদের নতুন ধান্দা— উল্লেখ করে নওয়াজুদ্দিন বলেন, “ওটিটিগুলো এখন বলিউড প্রযোজকদের ধান্ধা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। তার জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকেরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। একসময় সেক্রেড গেমস যখন করেছিলাম, তখন ওটিটি মঞ্চ নিয়ে রীতিমতো রোমাঞ্চ কাজ করত। এখন সেটা নেই। বর্তমানে কোনো ওয়েব সিরিজে সেভাবে নতুনত্ব কিছু নেই।”
তিনি জানান, তার কাছে ওটিটির বেশিরভাগ কনটেন্ট অসহ্য লাগে। দেখতে বিরক্তিবোধ করেন। তাই এসব ওয়েব কনটেন্টে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।































