দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আগেই। অসুরের বিনাশ আর অনিয়ম-জঞ্জালকে সরাতে ঘোড়ায় চড়ে স্বর্গ থেকে মর্ত্যে এসেছেন দেবী দুর্গা। তবে পূজার আনুষ্ঠানিকতা শুরু হতে কয়েকটা দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রকৃতি যেন উৎসবমুখর হয়ে উঠেছে। যদিও ঢালিউড নায়িকা পূজা চেরির ভেতর সেই উৎসবের আনন্দ দোলা দেয় না আজকাল।
পূজা জানালেন, তিনি এখন আগের মতো পূজার আনন্দ উপভোগ করেন না। কারণ জানতে চাইলে পূজা বলেন, “ছোটবেলার পূজার আনন্দ বড়বেলায় এসে পাওয়া যায় না। খুলনার গাজীর হাটে আমাদের বাড়িতে পূজা করতাম। বাড়ির সামনে বিশাল বড় মণ্ডপ হতো। পূজার সময় এখন ঢাকাতে থাকি। করোনায় সেভাবে বের হওয়া হয় না।”
পূজার এই সময়টায় শুটিং নিয়ে ব্যস্ত পূজা। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমার শুটিং করছেন জামালপুরের যমুনার চরে। ব্যস্ততার মাঝেও দুটি দিন রাখবেন পূজা উদযাপনে। পূজা বলেন, “পূজার দুই দিন ঢাকায় থাকব। তারপর আবার শুটিংয়ে ফিরব। শাকিব খানের সঙ্গে সিনেমা করছি। এটাই এখন আমার মেইন ফোকাস।”
এদিকে করোনার অস্থির পরিস্থিতে চিন্তিত পূজা। দেবী দুর্গার কাছে তার প্রার্থনা, পৃথিবী থেকে বিদায় নিক করোনাভাইরাস। সব যেন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে।

































