যুক্তরাষ্ট্রে এসেই শাকিবের সঙ্গে দেখা হয়েছে অপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে এসেই শাকিবের সঙ্গে দেখা হয়েছে অপুর

শাকিব-অপুর একসাথে যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। সন্তানসহ শাকিব-অপুর প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে নেটিজেনরা নানান মন্তব্য করছেন।

প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব খান গাড়ি চালাচ্ছেন। তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে। পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি খাবারের দোকান থেকে ছেলের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান। বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছে জয়। পেছনে অপু বিশ্বাস। দোকান থেকে বেরিয়ে একসঙ্গে গাড়িতে উঠছেন তারা।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান ও অপু বিশ্বাস আবার এক হচ্ছেন। এই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন কিছুদিন ধরে চলে আসা গুঞ্জনই এবার সত্যি হতে চলছে। শাকিব-অপু কি আবার এক হচ্ছেন?

এ ব্যাপারে জানাতে যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গণমাধ্যকে এই অভিনেত্রী বলেন, “সবচেয়ে বড় কথা, আমাদের সন্তান জয় প্রথম আমেরিকায় এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশিই উপভোগ করছে সে।”

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে শাকিব খান নিজেই আপনাকে ও জয়কে রিসিভ করেছেন? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘না, এটি সত্যি নয়। আমি যাদের আমন্ত্রণে এখানে অনুষ্ঠানে অংশ নিতে এসেছি, তারা আমাকে রিসিভ করেছেন।’

শাকিব খানের সঙ্গে দেখা হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন। ছেলেকে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছেন। শপিংয়ে নিচ্ছেন। কোনো কোনো সময় আমিও সঙ্গে থাকছি। ব্যাপারটা এই তো।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-অপুর ঘোরাঘুরির ভিডিওর নিচে তাদের ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘ছেলের জন্য এক হতেই পারে। কারণ, ছেলে এখনো ছোট। তার মানে এই না যে তারা সংসার করছে। আজব পাবলিক।’ আরেকজন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমরাও চাই শাকিব-অপু আবার এক হোক।’ অন্য একজন লিখেছেন, ‘আবার সেই লুকোচুরি খেলা কেন? পাবলিককে সব ক্লিয়ার করে সংসার করলেই তো হয়। লুকোচুরি করতে হবে কেন?’

তবে বিষয়টা অপু বিশ্বাস বেশ উপভোগ করছেন। ভক্তদের এসব মন্তব্যকে ভালোভাবেই দেখছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘গতকাল বিকেলের দিকে সন্তানকে সঙ্গে নিয়ে আমি ও শাকিব ম্যাকডোনাল্ডে গিয়েছিলাম। বের হওয়ার সময় সম্ভবত অন্য একটা গাড়ি থেকে ভিডিওটি করা হয়েছে। আমি ফেসবুকে দেখেছি। আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখছি। বেশির ভাগই তো ইতিবাচক। আমি মনে করি, ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যেকোনো বিষয় ভালো চান। আমি সব সময়ই ভক্তদের কথার প্রাধান্য দিই।’

বিচ্ছেদের পর বেশ কিছুদিন ধরেই অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে ইতিবাচক মন্তব্য করে আসছিলেন। এমন খবরও এসেছে যে, সন্তানকে নিয়ে শাকিবের বাসায় যাতায়াত করেন অপু বিশ্বাস। শাকিবের বাবা-মায়ের সঙ্গেও তার সম্পর্ক ভালো। ঈদে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির লুক নিয়ে, সিনেমা নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অপু বিশ্বাসকে। আবার অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’ নিয়েও শাকিব খান তার ফেসবুক পেজে প্রচার চালিয়েছেন। ‘লাল শাড়ি’ ছবির জন্য শাকিব খানের স্ট্যাটাস দেখে অনেকটাই আবেগপ্রবণ হয়েছিলেন অপু বিশ্বাস।

ঢালিউডের এই নায়িকা বলেন, ‘ভক্ত-দর্শকদের “লাল শাড়ি” ছবিটি হলে গিয়ে দেখার আহ্বান করে শাকিব তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দেখে আমি সত্যিই আবেগপ্রবণ হয়েছিলাম। কারণ, আমি কখনোই এটি আশা করিনি। শাকিবের স্ট্যাটাসটি যখন দেখলাম, অনেকক্ষণ চুপ করে ছিলাম।’ ২৬ জুলাই অপু বিশ্বাসের তার ছেলে জয়কে নিয়ে দেশে ফেরার কথা।
 

Link copied!