ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ তার অনাগত যমজ সন্তান হারিয়েছেন। সামাজিক যোগযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ মে) ইরফান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “তাদের নাম রেখেছিলাম ‘প্রিয়’ আর ‘মায়া’। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল।”
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ইরফান বলেন, “আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। যে কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সব সময়।”
এই অভিনেতা আরও বলেন, “৫ মে দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের ৬ মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি।”
এ সময় স্ত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে ইরফান বলেন, “বর্তমানে আমার স্ত্রী অসুস্থ। তার চিকিৎসা চলছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।”
অভিনেতা ইরফান সাজ্জাদের স্ত্রী শারমিন সাজ্জাদ বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আইয়ের’ সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন।


































