সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন ঢালিউড নায়িকা মাহিয়া মাহি। ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তিনি। স্বামী গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী রকিব সরকার। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাকই আছে তার।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তার ভক্তরা অনেকে অবাক হয়েছেন। তাদের প্রিয় নায়িকার আবার কি কিছু হলো? মাহি ফেসবুকে লিখেছেন, তার এক ড্রাম ভালোবাসা দরকার।
ফেসবুকে এ নায়িকা লিখেন, “আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা-ব্যথা তো আবার কোমরব্যথা, আসলে যে কী সমস্যা, সেটাও বুঝতে পারছি না। শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সে-ও অনুভব করবে।”
মাহিয়া মাহি আরও লেখেন, “এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমি তো জানো।”






































