বাংলা চলচ্চিত্রের মুকুটে যোগ হলো আরেকটি গৌরবের পালক। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে দেশের গুণী নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’। এমন অর্জনের খবর শুনে আতিক গণমাধ্যমকে বলেছেন, নিঃসন্দেহে এটি আনন্দের খবর। এই শুভক্ষণে আমার প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী, কলাকুশলীদের অভিনন্দন।
এ নির্মাতা বলেন, “মস্কোতে আমাদের সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে। এটি আনন্দের।”
‘পেয়ারার সুবাস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা জয়া আহসান। বিশ্বের এমন একটি সম্মানজনক আসরে তার অভিনীত সিনেমা নির্বাচিত হওয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, “আমার মনে হয়, এই ধরনের পটভূমিতে আগে হয়তো বাংলা ছবি হয়নি। আমার চরিত্রসহ এই সিনেমার প্রতিটি চরিত্র খুবই শক্তিশালী। পুরো সিনেমায় এক অন্যরকম ভাষা আছে। এ সিনেমার কাজ আমরা বেশ আগেই শেষ করেছি। আমাদের সিনেমা যে প্রতিযোগিতা বিভাগে আছে, এটি খুবই আনন্দের ব্যাপার।”
আলফা আই প্রযোজিত ‘পেয়ারার সুবাস’ সিনেমায় সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি। আলফা-আই স্টুডিওজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “এটা ভেবেই গর্ব হচ্ছে যে আলফা-আই স্টুডিও থেকে নির্মিত একটি সিনেমা মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।”
সিনেমায় জয়া আহসানসহ অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।
২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তা শেষ হবে ২৭ এপ্রিল। ২৬ এপ্রিল উৎসবে ‘পেয়ারার সুবাস’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।






































