ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত নৃত্যব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে কথক নাচের এই গুরুর বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়, “দিল্লির বাড়িতে রোববার রাতে নাতির সঙ্গে খেলছিলেন পণ্ডিত বিরজু, সেই সময় তাঁর শরীর খারাপ হয়। দ্রুত দিল্লির সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

পণ্ডিত বিরজুর নাচের মধ্য দিয়ে দারুণ সব গল্প বলে যেতেন। এটা তাঁর নাচের বিশেষ বৈশিষ্ট্য ছিল। কথক নাচে এক অন্যমাত্রা যোগ করেছিলেন তিনি, সেখানেই অনন্য বিরজু মহারাজ। শুধু নাচই নয়, অসাধারণ ড্রামবাদকও ছিলেন তিনি।
কিংবদন্তী বিরজু সব ধরনের ড্রাম, তবলা ও নাল বাজাতে পারতেন । ঠুমরি, দাদরা, ভজন ও গজলের দখল ছিল তাঁর গলায়।
১৯৩৭ সালের ৪ ফেব্রুয়ারি লক্ষ্ণৌতে বিরজু মহারাজের জন্ম। সাত পুরুষ ধরে তাঁদের পরিবারে কথক নাচের চর্চা। শিশু শিল্পী হিসেবেই বাবার সঙ্গে মঞ্চ ভাগ করে নিতেন বিরজু মহারাজ। কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ‘গুরু’ তকমা জুড়ে গিয়েছিল তাঁর নামের আগে। মাত্র ২৮ বছর বয়সে সংগীত নাটক একাডেমি পুরস্কার জেতেন তিনি।
১৯৮৩ সালে ভারত সরকারে পক্ষ থেকে পদ্মবিভূষণ পান বিরজু মহারাজ। পেয়েছেন কালীদাস সম্মানও। এই কত্থকগুরু বেশ কিছু ছবিতে কোরিওগ্রাফির দায়িত্বভার সামলেছেন। কাজ করেছেন সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ছবিতে। নতুন শতাব্দীতে ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’-র মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি মুগ্ধ করেছে আপামর ভারতীয়কে। ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফির জন্য চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছিলেন বিরজু মহারাজ।
বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগ ছিল এই নৃত্যসাধকের। অনেক প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী সরাসরি এই নৃত্যগুরুর শিষ্য ছিলেন। বলিউডের অনেক তারকা শিল্পী তাঁর সরাসরি শিষ্য।









