হুমায়ূন আহমেদের উপন্যাস ‘পেন্সিলে আঁকা পরী’র পাণ্ডুলিপি জমা দিয়ে ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। প্রথম কিস্তিতে ১৮ লাখ টাকাও পেয়েছিলেন। চূড়ান্ত করেছিলেন পাত্র-পাত্রী ও লোকেশনও। কিন্তু শুটিং শুরুর আগেই অমিতাভ সিদ্ধান্ত নিয়েছেন ছবিটি নির্মাণ না করার। তাই ১৮ হাজার টাকা জরিমানাসহ প্রথম কিস্তি হিসেবে প্রাপ্ত অনুদানের ১৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন এই নির্মাতা।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) মো. সাইফুল ইসলাম ও নির্মাতা অমিতাভ রেজা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ অক্টোবর সোনালী ব্যাংকে সরকারি চালানের মাধ্যমে টাকা জমা দিয়েছেন অমিতাভ রেজা।
এ প্রসঙ্গে মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা ওনার (অমিতাভ রেজা) টাকাটা ফেরত পেয়েছি। যেহেতু তিনি সিনেমাটি বানাচ্ছেন না, তাই কিছু টাকা জরিমানাসহ ফেরত দিয়েছেন।”
সিনেমাটি নির্মাণের জন্য মোট ৬০ লাখ টাকার অনুদান পেয়েছিলেন অমিতাভ রেজা। কিন্তু হুমায়ূন আহমেদের স্ত্রী ও সন্তানদের সমন্বয়ে গঠিত ট্রাস্টি বোর্ড ‘পেন্সিলে আঁকা পরী’ সিনেমার গল্পের জন্য বড় অঙ্কের অর্থ এবং সেসঙ্গে মুক্তির পর সিনেমার আয়ের অংশীদারিত্ব চাওয়ায় এটি নির্মাণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অমিতাভ।





























