দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী (৩১ অক্টোবর) থেকে খুলছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহ।
শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাস শুরুর তারিখ নির্ধারণে কোনো সিদ্ধান্তে হয়নি বৈঠকে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী ২৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে টিকা নিতে পারবেন। নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠক সূত্র আরও জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা করোনা প্রতিরোধে কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। এছাড়া হলে উঠতে আবাসিক শিক্ষার্থীদের টিকা গ্রহণের কার্ড ও হলের পরিচয়পত্র দেখাতে হবে।







































