দীর্ঘ ১৮ মাস পর সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে সকল শিক্ষার্থী আবাসিক হলে ওঠার সুযোগ পাচ্ছেন।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে শিক্ষার্থীদের বরণ করে নিতে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। এ সময় তিনি শিক্ষার্থীদের ফুল, চকলেট, বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক, কলম ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেন।
সকাল থেকে হলে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা, করানো হচ্ছে স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা।
ফুল-চকলেট-মাস্ক পেয়ে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হলে আগত শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে।
এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাজমুস সায়াদাত বলেন, “অনেকদিন পর হলে প্রবেশ করতে পেরে ভালো লাগছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাবো।”
আলাওল হলের আবাসিক শিক্ষার্থী ইমাম উদ্দিন বলেন, “এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দরভাবে আমাদের বরণ করে নেওয়ার জন্য।”



































