মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৈশোরকালীন পুষ্টি নিশ্চিত করতে আয়রন ফলিক এসিড ট্যাবলেট বিতরণের জন্য ছাত্রীদের তথ্য চেয়েছে সরকার।
এ বিষয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমে’র আওতায় আয়রন ফলিক এসিড ট্যাবলেট সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত অফিস আদেশটিতে স্বাক্ষর করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
অফিস আদেশটিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছাত্রীদের তালিকা সংগ্রহের জন্য উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আয়রন ফলিক এসিড ট্যাবলেট সংগ্রহের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরো বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা দ্রুত প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে ফলিক এসিড ট্যাবলেট বিতরণ করবেন। ট্যাবলেট সংগ্রহের পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সেগুলো সংরক্ষণ করবেন। ট্যাবলেট বিতরণ ও সংগ্রহ সংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক)। আগামী মাসে (অক্টোবর) তাদেরকে এ বিষয়ে লিখিত তথ্য দিতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পুষ্টি কার্যক্রম নিশ্চিতে ইতোমধ্যে প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় অ্যাডোলোসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাবস-এর মাধ্যমে এই প্রশিক্ষণ দিয়েছে মাউশি। সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সপ্তাহে একটি করে ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।






































