• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

নতুন শিক্ষাক্রমে সাপ্তাহিক ছুটি ২ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৫:১৫ পিএম
নতুন শিক্ষাক্রমে সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. মশিউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মশিউজ্জামান বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমের রূপরেখায় ২০২৩ সাল থেকে দুই দিন ছুটি হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রূপরেখা অনুমোদন দিয়েছেন।

এনসিটিবি সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলে সপ্তাহে দুই দিন ছুটির বিষয়টি আগেও চালু করতে পারে। নতুন শিক্ষাক্রমের একটি রূপরেখা ১৩ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

ওই রূপরেখার খসড়ায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন শিক্ষাক্রমের নিয়ে সংবাদ সম্মেলন করে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করা হবে, ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। 

দীপু মনি বলেন, “২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে।”

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২০ সালে শিক্ষাক্রম পরিমার্জন প্রস্তাবে বলা হয়েছিল- ছুটি বাড়লেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ক্ষতি হবে না। তাদের লার্নিং আওয়ার কমবে না। আন্তর্জাতিক মান বজায় রেখেই এই প্রস্তাব করা হয়। এতে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক চাপ কমবে বলেও জানানো হয়। বিদ্যমান সাপ্তাহিক ও অন্যান্য ছুটি ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ক্লাস চলে ২১৫ দিন। শনিবার ছুটি হলে ক্লাস হবে ১৮৫ দিন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!