জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।
রোববার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ২২ দফা ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারগুলোর মধ্যে একাংশ হলো
সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রাখা, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কার্যকর ভূমিকা রাখা, শিক্ষাছুটিতে থাকাকালীন শিক্ষকগণের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অস্থায়ী শিক্ষকগণের স্থায়ীকরণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
আবেদনের সময় থেকে নিকটবর্তী সিন্ডিকেটের সময়ের মধ্যে আপগ্রেডিং বোর্ড সম্পন্ন করা, শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা চালু, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন ও প্রয়োজনীয় পর্যাপ্ত সামগ্রীর ব্যবস্থা করা, শিক্ষার্থীদের জন্য ডিনস অ্যাওয়ার্ডসহ শিক্ষাবৃত্তির সংখ্যা ও পরিমাণ বর্ধিত করা, দ্রুত নতুন হল চালু করে শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করা, ক্যাম্পাসে জীববৈচিত্র্য সংরক্ষণসহ টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, গবেষণার উৎকর্ষ বাড়ানোর জন্য গবেষণা-অবকাঠামোর উন্নয়ন।
আগামী ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু হয়ে একই দিনে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বচন সামনে রেখে গত ১৬ জানুয়ারি প্যানেল ঘোষণা করে বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ’।








































