জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার ৫২ বছর পেরিয়ে ৫৩ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার ৫২ বছরকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেলিম আলদীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, চুক্তিভিত্তিক রেজিস্টার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদরে ডিন ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পরে বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের চত্বরে জব ফেয়ার ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় শারীরিক শিক্ষা অফিসের পেছনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, বেলা পৌনে ১২টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বিকেল সাড়ে ৫টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭ টায় একই মঞ্চে অনুষ্ঠিত হবে শিল্পী শফী মন্ডলের একক সঙ্গীতানুষ্ঠান।
১৯৭০ সালের ২০ আগস্ট সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৭১ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হলেও ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।২০০০ সাল থেকে ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন শুরু করে।




































