ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৬:১৭ পিএম
ক্রিকেটার নাঈমকে নির্যাতনের জেরে সিএমপিতে ব্যাপক পরিবর্তন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের ঘটনায় এবার সিএমপির উপ-কমিশনার আমিরুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে খুলশি থানার বিতর্কিত ওসি আরিফকেও প্রত্যাহার করা হয়েছিল।


এ ঘটনায় সম্পৃক্ত ওসি আরিফের সোর্স সোহেলকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিসি আমিরুলকে সিএমপির উত্তর বিভাগ থেকে সরিয়ে ডিসি ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স পদে পদায়ন করা হয়। তার স্থলে হাসান মোস্তফা স্বপন এবং ডিসি দক্ষিণ পদে হাবিবুর রহমান প্রামাণিককে পদায়ন করা হয়েছে। একইদিনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে অর্থ ও প্রশাসন এবং কবির আহম্মদ ভূইয়াকে অতিরিক্ত কমিশনার ট্রাফিক পদে পদায়ন করা হয়।


সিএমপি কমিশনার হিসেবে হাসান মো. শওকত আলী যোগ দেওয়ার পর থেকে নানান পরিবর্তনের গুঞ্জন ছিল। সেটি বিভিন্ন কারণে থমকে থাকলেও নাঈম ইস্যুতে আবার আলোচনায় আসে এবং পরিবর্তন তরান্বিত হয়। পুরো সপ্তাহটি ছিল সিএমপির ওসি, ডিসি এবং অতিরিক্ত কমিশনার পরিবর্তনের।

গত ১২ জুন দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন নাঈম।


পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজার এলাকায় নেমে আরেকটি ফ্লাইওভারে ওঠার কথা ছিল তার। দুই ফ্লাইওভারের মাঝামাঝি এলাকায় পুলিশ তাকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও নির্যাতন করার অভিযোগ উঠে। এসময় নাঈমকে পাইপ দিয়ে পেটানো হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, সদস্য রাসেল চৌধুরীকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির লাইনে সংযুক্ত করা হয়। ডিবি পরিচয় দিয়ে নাঈমকে আঘাত করা সোহেলকে সিএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।


সোহেল ওসি আরিফের সোর্স হিসেবে কাজ করতো বলে কথিত আছে।
এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় এসআই শফিকুল, পুলিশ সদস্য রাসেল ও সোর্স সোহেলকে আসামি করা হয়। অপরদিকে শফিকুল ও রাসেলের বিরুদ্ধে পুলিশে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!