দেশখ্যাত শিকদারবাড়ির পূজায় নেই বড় আয়োজন


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১১:১৪ এএম
দেশখ্যাত শিকদারবাড়ির পূজায় নেই বড় আয়োজন

বাগেরহাটের ৯ উপজেলায় এ বছর ৬৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। তবে ‘দেশের সবচেয়ে বেশি প্রতিমার’ জন্য দেশখ্যাত বাগেরহাটের শিকদারবাড়িতে এবারও শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়নি।

করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের আশঙ্কায় দ্বিতীয়বারের মতো দেশখ্যাত এই মণ্ডপে পূজার আয়োজন করা হয়নি বলে আয়োজকরা জানিয়েছেন।

বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদারবাড়িতে ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে প্রথম দুর্গাপূজার জমকালো আয়োজন শুরু হয়। সেই থেকে প্রতিবছর বড় পরিসরে পূজা হয়ে আসছিল। ২০১৯ সালে শিকদারবাড়িতে ৮০১টি প্রতিমা নিয়ে দুর্গাপূজা আয়োজন করা হয়। 

শিকাদারবাড়ির পূজার আয়োজক লিটন শিকদার বলেন, “শিকদারবাড়িতে প্রতিবছর পূজার ছয় মাস আগেই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এ বছর যখন প্রতিমা তৈরির কাজ শুরু হবে, সেই সময়ে দেশে করোনার সংক্রমণ বেশি ছিল। তাই এ বছর বড় পরিসরে পূজা আয়োজন না করার সিদ্ধান্ত হয়। তবে পারিবারিকভাবে পূজার আয়োজন করা হবে।”

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জি বলেন, “ব্যক্তি উদ্যোগে দেশের সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে শিকদারবাড়ির মণ্ডপটির বেশ সুনাম রয়েছে। তবে এবার করোনাভাইরাসের কারণে এখানে বড় পরিসরে পূজা হচ্ছে না। তাই আমাদের ভক্তবৃন্দ একটু মনঃকষ্টে থাকবেন।”

জেলা প্রশাসক মো. আজিজুর রহমান ও পুলিশ সুপার আরিফুল হক মন্দিরগুলোতে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কমিটি ও প্রশাসনের লোকদের সঙ্গে দফায় দফায় সভা করেছেন। তারা এই সভা থেকে পূজার শেষ প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। তবে পুলিশ প্রশাসন পূজা সম্পন্নের জন্য কঠোর রয়েছেন বলে পুলিশ সুপার আরিফুল হক জানান।

Link copied!