জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লকনাহার গ্রামে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবর ও নাতির বিরুদ্ধে।
শনিবার (২ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ দেবর ও নাতিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লকনাহার গ্রামের খাজের আলীর ছেলে দেবর করিম হোসেন দুদু (৬০) এবং একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে নাতি সাব্বির হোসেন (২৭)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই গৃহবধূ বাড়িতে একাই থাকতেন। এরপর দেবর করিম হোসেন দুদুর সঙ্গে ওই গৃহবধূর শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
বর্তমানে ওই গৃহবধূ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায় দেবর দুদুকে বিবাহের কথা বললে সে কালক্ষেপণ করে আসছেন। এদিকে সন্তান নষ্ট এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। এরই মধ্যে শনিবার রাতে দুদু তার নাতি সাব্বির হোসেনের সহযোগিতা নিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে আবারও ধর্ষণ করেন।
রাতেই ওই গৃহবধূ সন্তানের পিতৃপরিচয় ও জীবনের নিরাপত্তা চেয়ে থানায় দেবর ও নাতিকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই তাদেরকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আসামিদের পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।




































