নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়েছেন আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে আমিরাবাদ হাইস্কুল মাঠে নাউরী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে নাউরী ও আমিরাবাদ গ্রামের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে তালতলা বাজারে মঞ্জুর নেতৃত্বে ফারুর, রায়হান, তারেকসহ ১৪-১৫ জন নাউরী গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।






























