ভিআইপি যাবেন তাই দোকানপাট বন্ধ করে দিল পুলিশ!


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০১:০৩ পিএম
ভিআইপি যাবেন তাই দোকানপাট বন্ধ করে দিল পুলিশ!

পাবনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আসবেন বলে গুরুত্বপূর্ণ বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, জেলার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা সম্মেলনে যোগ দিতে পাবনা ঈশ্বরদী মহাসড়ক দিয়ে যাবেন বলেই ফুটপাতের অস্থায়ী দোকানগুলো তুলে দেওয়ার অজুহাতে মহাসড়কের দুপাশের স্থায়ী মার্কেট ও দোকানগুলো বন্ধ করে দেয় পুলিশ। এতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় এই দুই ঘণ্টা বেচাকেনা বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী। 

পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ভিআইপি যাবেন বলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যানজট নিরসনে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আবুল হোসেন বলেন, “দোকানপাট বন্ধের বিষয়ে আমরা কিছু জানি না। সকালে এসে দেখি পুলিশ দোকানপাট বন্ধ করে দিয়েছে।”

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, দোকানপাট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে ফুটপাত দখল করে যারা ভ্রাম্যমাণ দোকান বসিয়েছিল, তাদের তুলে অন্যত্র বসানোর জন্য বলা হয়েছে।

Link copied!