• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১২:৪৩ পিএম
জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিয়ে করার অপরাধে গাছে বেঁধে জামাইকে মারধরের ঘটনায় শাশুড়ি শিরিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামে মারধরের ঘটনা ঘটে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসা থেকে শিরিনা আক্তারকে আটক করা হয়।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম নাসিরুল ইসলাম (২৬)। তিনি খলিলুর রহমানের ছেলে। নাসিরুল ও তার ভাই কুদ্দুস বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ ফেসবুকে নির্যাতনের ভিডিও আপলোড দেয়। এ ঘটনার ধিক্কার জানিয়ে সঠিক বিচারের দাবি জানান তিনি।

মুহূর্তেই কয়েক শ শেয়ার ও কমেন্টে প্রতিবাদের ঝড় ওঠে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

এলাকাবাসী জানান, খলিলুর রহমানের ছেলের সঙ্গে একই এলাকার করিমুলের মেয়ের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা। স্বামী-স্ত্রী দুজনে ঢাকায় চলে যান। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের সম্মতিতে স্থানীয়ভাবে সমাধানের কথা বলে তাদের বাড়িতে আসার ব্যবস্থা করা হয়। 

নাসিরুলের চাচা দবিরুল বলেন, “আমি ছেলে ও মেয়েকে ঢাকা থেকে নিয়ে আসি। এদিকে মেয়েকে ফিরে পেতে চাপ দিতে থাকে মেয়েপক্ষ।”

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, “শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভিডিওতে ভাইরাল হওয়া নির্যাতনকারী শ্বাশুড়ি শিরিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”  
 

Link copied!