অপেক্ষা করুন, খেলা হবে: কাদের


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৯:৪৭ পিএম
অপেক্ষা করুন, খেলা হবে: কাদের

ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ব পৃথিবীর সূর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা এখন কক্সবাজারে। যিনি আছেন বলেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জনসভা মঞ্চে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জনসভা মঞ্চে পৌঁছান। এরপর বক্তব্য দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অপেক্ষা করুন, খেলা হবে। ফুটবলের মাঠে খেলা হচ্ছে। সামনের খেলা আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগালের সঙ্গে মরক্কো। সামনে ব্রাজিলের খেলাও আছে।”

 

বিএনপি-জামায়াত অসংখ্য মায়ের বুক খালি করেছে মন্তব্য করে কাদের বলেন, “ছেলেহারা মায়ের আর্তনাদ, স্বামীহারা স্ত্রীর আর্তনাদ, ভাইহারা বোনের আর্তনাদে ভারী বাংলার আকাশ। যারা এ হত্যা করেছে তাদের বুকে খুব জ্বালা।”

পদ্মা সেতুসহ উন্নয়নের কারণে বিএনপি-জামায়াতের এমন জ্বালা বলে মন্তব্য করেছেন তিনি।

বিএনপির ফখরুলকে উদ্দেশে করে তিনি বলেন, “ফখরুল সাহেব বাড়াবাড়ি করবেন না, সাবধান হয়ে যান। তত্ত্বাবাধায়ক সরকার মারা গেছে।”

জনগণের উদ্দেশে কাদের বলেন, “বিএনপি থেকে সাবধান।”

সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছির, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ড. হাসান মাহমুদ, মোস্তাক আহমদ চৌধুরী, আমিনুল হক আমিন, আশিকুর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, প্রশান্ত ভূষণ বড়ুয়া, মাহবুব মোর্শেদ, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আলমগীর চৌধুরী, শহীদুল্লাহ শহীদ, সিরাজুল ইসলাম বাবলা, আবু হেনা মোস্তফা কামাল, তারেক বিন ওসমান, শামশুল আলম মণ্ডল।

বেলা ১২টার দিকে কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভার আনুষ্ঠানিকতা। এরপর কক্সবাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতারা একে একে বক্তব্য দেন। বেলা ১১টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাঁচ বছর পর আজ এক দিনের সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্রতীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২-এর উদ্বোধন করেছেন।

Link copied!