ইউপি চেয়ারম্যানকে হত্যা, মেম্বার গ্রেপ্তার


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৮:০৭ এএম
ইউপি চেয়ারম্যানকে হত্যা, মেম্বার গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাফর ইকবালকে হত্যার ঘটনায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিহত চেয়ারম্যান মানিকের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন। পরে সন্ধ্যায় এই মামলার অভিযুক্ত মির্জাচরের মেম্বার  মহরম আলীকে (ইউপি সদস্য) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার মহরম আলী ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও মামলার ৭নম্বর এজাহারভুক্ত আসামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে শান্তিপুর এলাকায় ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং একই ইউনিয়নের যুবলীগ সভাপতিও ছিলেন।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাচর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো. ফিরোজ মিয়া। তার সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসাবে লড়েই করে জয়ী হন জাফর ইকবাল মানিক। এরই জেরে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। 

গত শুক্রবার (২ ডিসেম্বর) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ সমাধানের জন্য বৈঠকে বসে। সমঝোতা না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের সমর্থকরা।

একদিন পর শনিবার (৩ ডিসেম্বর) চেয়ারম্যান জাফর ইকবাল মানিক বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর স্কুল মাঠে একটি প্রোগ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!