নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিষ পান করে আরফিনা আক্তার নাদী (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপান করে সে। রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরফিনা আক্তার নদী উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি দেবপ্রিয় আরও জানান, ওই স্কুলছাত্রীর বাবা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিল। ধারণা করা হচ্ছে, পেটে ব্যথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করে।






































