কুমিল্লায় ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকার মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই এলাকার মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রদীপ কুমার দত্ত বলেন, ২০১৮ সালের ৫ মার্চ কুমিল্লার মনোহরগঞ্জে বড় বোনকে ধর্ষণের জন্য যান বাচ্চু মিয়া এবং আমির হামজা। বড় বোনকে না পেয়ে তারা ১০ বছরের ছোট বোনকে ধর্ষণের পর ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে জখম করে চলে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে বিচারকের কাছে ঘটনার দায় স্বীকার করে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন।



































