বরগুনায় শুক্রবার (৪ নভেম্বর) সকাল থেকে দুদিনের জন্য সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বরগুনায় মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট ডাক দিয়েছেন বাস মালিক সমিতি। বাস মালিকদের দাবি অটোরিকশা ও মিশুক চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে পরিবহন ব্যবসায়ীদের ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য সংগঠনটি ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
ছগির মিয়া বলেন, “সড়কে অবৈধ গাড়ির দৌরাত্ম্য ঠেকাতে আমাদের এই ধর্মঘট কর্মসূচি। তারপরেও যদি প্রশাসন অবৈধ গাড়ি বন্ধ না করে, আমরা এর পরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি পালন করব।”
পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, “মহাসড়কে অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নিবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক যদি থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন আমার কাছে পুলিশ ফোর্স চাইলে আমি সাধ্যমত দেওয়ার চেষ্টা করব।”
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, “জেলা আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল মহাসড়কে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য। তবে এত বড় মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা বন্ধ করতে অনেক পুলিশ সদস্য দরকার। সেই পরিমাণ সদস্য জেলা পুলিশের কাছে নেই। তাই বন্ধের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করব।”
























