সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৮:২০ এএম
সাড়ে ৩ কোটি টাকার সোনা জব্দ

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩টি সোনার বার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে সোনার চালানটি আটক করা হয়।

এসময় পাচারকারীরা সোনা ফেলে পাশের ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর তিনজন ব্যক্তি টহল দলের কাছে এলে তাদের থামতে বলা হয়। পরে তারা ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। এ সময় ব্যাগের ভিতর তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পাচারকারীদের আটকে অভিযান চলছে।

চলতি বছর খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৩টি অভিযানে ১৫ জন আসামিসহ ২৮ কেজি ৮৮৫ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৩৪ টাকা। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!