পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশি অস্ত্র ও ট্রাক নিয়ে ডাকাতি করতে আসা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের অপর ৬ সদস্য পালিয়ে যায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা বাজারের আমতলা এলাকায় তাদের আটক করা হয়।
আটক দুই ডাকাত হলেন বগুড়া জেলার শিবগঞ্জ থানার অনন্তপুর মোকামতলা এলাকার মালেকের ছেলে ফারুক (২১) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমাড়া ইউনিয়নের ঝিড়াই এলাকার হাফিজুর রহমানের ছেলে সোহেল (২০)।
জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে আমতলা এলাকায় দেশি অস্ত্রসহ একটি ৬ চাকা ট্রাক নিয়ে ডাকাতির উদ্দেশে একত্র হয় ডাকাত দলের ৮ জন সদস্য। এ সময় টহলরত পুলিশের নজরে আসে ট্রাকটি। পুলিশ তাদের কাছে এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের ধাওয়ায় ৬ ডাকাত পালিয়ে গেলেও ফারুক ও সোহেল আটক হন। পরে তাদের থানায় নেওয়া হয়।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, তাদের ডাকাতির উদ্দেশ্য অনেক বড় ছিল। দুইজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে আরও ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।














